খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে বিশেষ যৌথ অভিযানের মধ্যেই দুর্বৃত্তের গুলিতে রফিক গাজী ওরফে ঢাকাইয়া রফিক (৪৫) নামে বিএনপি নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। রফিক মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকার রতন গাজীর ছেলে। তিনি পেশায় পাথর ব্যবসায়ী ছিলেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রফিক দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি দোকানে বসা ছিল। এ সময় মাথায় হেলমেট পরা অবস্থায় এক যুবক মোটরসাইকেল চালিয়ে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। এরমধ্যে একটি গুলি তার পেটে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় জলমা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আসাবুর রহমান জানান, নিহত রফিক গাজী জলমা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। এর আগে তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। বিএনপির প্রতিটি কর্মসূচিতে তিনি সামনের সারিতে থাকতেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সন্ত্রাস দমনে খুলনা মহানগরীতে পুলিশের যৌথ অভিযান চলছে। তার মধ্যে সন্ত্রাসীরা দিনে-দুপুরে প্রকাশ্যে অস্ত্র বহন করে মানুষকে গুলি করে হত্যা করছে! এটা কি অভিযান না অন্য কিছু। তাদের অভিযোগ পুলিশের বিশেষ অভিযান চললেও এখনও শীর্ষ কোনো সন্ত্রাসী ধরা পড়েনি।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রফিক গাজী ওরফে ঢাকাইয়া রফিকের তলপেটে একটি গুলি লেগেছে। সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলের আশপাশের সব দোকান বন্ধ। হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


