ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচেতন গ্রাহক ফোরামের সচিবালয়মুখী মিছিল পল্টন মোড়ে থামিয়ে দিয়েছে পুলিশ। তবে ফোরামের একটি প্রতিনিধিদলকে লিখিত দাবিগুলো স্মারক আকারে অর্থমন্ত্রী বরাবর জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা পল্টন থেকে গুলিস্তান অভিমুখের প্রধান সড়ক আটকে বসে পড়েছেন।
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করা হয়। দুপুর ১২টার দিকে মিছিলটি পল্টন মোড়ে পৌঁছালে পুলিশ তা থামিয়ে দেয়। পরে ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্মারকলিপি জমা দিতে সচিবালয়ে প্রবেশ করে।
জানা গেছে, প্রতিনিধি দলটি ৬টি লিখিত দাবি নিয়ে অর্থমন্ত্রী বরাবর এই স্মারকলিপি জমা দেবে। দাবিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের পদত্যাগের পাশাপাশি ব্যাংক রেজুলেশনের ১৮ (ক) ধারা বাতিল, লুটেরাদের অর্থ দেশে ফিরিয়ে আনতে বিশেষ টাস্কফোর্স গঠন, লুটেরাদের বিচার নিশ্চিত করা এবং লুটেরা এস আলমের হাতে থাকা শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার দাবি জানানো হবে।
ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছে সচেতন গ্রাহক ফোরাম।


