আজ মঙ্গলবার, জুন ৯, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ডাকাতি প্রস্তুতি মামলায় ২ জন, চুরি মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৬ জনকে আটক করা হয়েছে। সবমিলিয়ে মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করে হয়েছে ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে গত ৭ জুন ২০২৬ রাত ৮টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার আব্দুল আলীপুলে অভিযান চালিয়ে রোস্তম আলী (৫০), বিজয় প্রকাশ মন্টু (২২) ও আরিফ হোসেন (২০)-কে আটক করা হয়।

পরবর্তীতে একই দিন রাত ৯টা ৫০ মিনিটে ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে অভিযান চালিয়ে মিলন হোসেন (২৫) ও শান্ত (২৫)-কে গ্রেফতার করা হয়।

‎এছাড়া রাত ১০টা ৪৫ মিনিটে ২ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্রাবন্তী (২১) নামে এক নারীকে আটক করা হয়। পরে ৮ জুন রাত ১২টা ৩০ মিনিটে উত্তর আজিবপুর এলাকায় হাবিব উল্লাহ বাহার কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবু তাহের বেংগা (৩৫)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।‎

এদিকে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলায় রাজন (৩২) ও আরিফুল হাসান আলভী (১৯), নারী ও শিশু নির্যাতন মামলায় রুবেল (৩৬) এবং চুরি মামলায় হাসান মৃধা (৩৪) ও সাইদুল ইসলাম শাকিল (২২)-কে গ্রেফতার করা হয়।

এছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৬ জন এবং একটি ওয়ারেন্টভুক্ত মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। তিনি আরও জানান,গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version