আজ সোমবার, জুন ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকায় এক টাইলস ব্যবসায়ীর জমিতে বালু ভরাটের কাজ চলাকালে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় যুবদলের এক ওয়ার্ড নেতাকে আটক করেছেন এলাকাবাসী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তির নাম সাব্বির আহমেদ শামীম (৩০)। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন ওই ব্যবসায়ী নুরুদ্দিন খন্দকার খোকনের জমিতে উন্নয়নমূলক কাজ শুরু হলে সাব্বির শামীম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হাজির হয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা প্রাণনাশের হুমকি দেন। পরদিন ৮ জুন সকালে আবার কাজ শুরু করলে অভিযুক্ত নেতা ও তার সহযোগীরা এসে চাঁদা দাবি করে এবং অস্বীকৃতি জানালে মারধর ও গলা টিপে হত্যাচেষ্টার ঘটনা ঘটায়।

স্থানীয় লোকজন এগিয়ে এসে নুরুদ্দিনকে উদ্ধার করেন এবং সাব্বির শামীমকে আটক করে রাখেন। তার সহযোগীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জমির মালিক জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

অভিযুক্ত সাব্বির শামীম দাবি করেছেন, বালু ভরাটের কাজ তাদের জমির ওপর দিয়ে হচ্ছিল, তাই তিনি বাধা দিয়েছেন; চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন।

এদিকে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জানিয়েছেন, বিষয়টি নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। থানার ওসি নিশ্চিত করেছেন যে আটকের পর মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Exit mobile version