সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব জনতার সংবর্ধনায় সিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (৬ জুন) সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনাকে কেন্দ্র করে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমতউল্যাহ পলাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, বিএনপি নেতা আবদুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাস্টার আবদুল ওয়াহেদ, হাসান হাদী, তারিকুল ইসলাম এবং সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা জেলা পরিষদ চত্বরে সমবেত হন। অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে নবনিযুক্ত প্রশাসককে বরণ করে নেন নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের প্রয়াত নেতা-কর্মীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে রাজনৈতিক আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী ও নির্যাতনের শিকার নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জানান। বক্তারা বলেন, দলীয় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “জেলা পরিষদ হবে সাধারণ মানুষের প্রতিষ্ঠান। এখন থেকে জেলা পরিষদের দরজা সব সময় জনগণের জন্য উন্মুক্ত থাকবে। জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জেলা পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “সাতক্ষীরাকে একটি আধুনিক, দুর্যোগ-সহনশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলায় পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করব।”
অনুষ্ঠানে নেতারা স্থানীয় সরকার নির্বাচনে সফলতা অর্জনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এখন বিএনপি ঐক্যবদ্ধ। আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সকল নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের নেতা আনিসুজ্জামান।


