
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর বাজারে অবস্থিত ‘ইউনিক স্কুল’-এর উদ্যোগে শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“সুশিক্ষা, শৃঙ্খলা ও সফল জীবনের পথে আলোকিত অগ্রযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুল প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ইউনিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন। এতে আধুনিক শিক্ষাদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষকের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের নিয়মিত এমন প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ইউনিক স্কুল সবসময় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

