
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩০) এবং তার শ্যালক জাহিদ (৩৫)।
জানা গেছে, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন থানার একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত পারভেজ (৩৪) সেখানে প্রবেশ করে। পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ে এবং জাহিদের ডান হাতে গুলি লাগে।
পরে গুলিবিদ্ধ দুইজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
কেএমপির লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি তাদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

