
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ১১০ পুরিয়া হেরোইনসহ বিভিন্ন মামলার মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১১০ পুরিয়া হেরোইনসহ ০৫ জন, হত্যা মামলার ০১ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ০৩ জন, বৈষম্যবিরোধী মামলার ০২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ০৩ জনসহ মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার ১৮ মে ২০২৬ সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. শফিকুল ইসলাম (৩৮), মো. মামুন (৪০), মো. নাজিম উদ্দিন (৩২), মো. জাহাঙ্গীর (৫২), মো. সাইদ (৩৫), মো. মঞ্জুর (৪৬), মো. শাকিল হোসেন (৩৪), মোছা. রোকেয়া বেগম (৫০), মো. ইয়াছিন (২২), রানা ভূইয়া (২৮), শরিফ (৪৬), মো. নাঈম হোসেন (৩০), নাজমুল ইসলাম দিপ্তি (২৩) এবং মো. আশিক (২১)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমুক্ত সিদ্ধিরগঞ্জ গড়তে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

