
নারায়ণগঞ্জের বরফকল খেলার মাঠে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর হাট ইজারা না দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়েছে শাপলা ক্রীড়া সংসদ।
শনিবার (১০ মে) এলাকাবাসীর পক্ষে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর খানপুর, নগর খানপুর, তল্লা, হাজীগঞ্জ, এম সার্কেস ও পানির কল এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বরফকল মাঠে খেলাধুলা করে আসছে। শাপলা ক্রীড়া সংসদ, মহসীন ক্লাব, পোলস্টার ক্লাব, ডায়মন্ড ক্লাব ও সমাজ উন্নয়ন পরিষদসহ এলাকার বিভিন্ন ক্লাব নিয়মিত এ মাঠে অনুশীলন করে থাকে।
এতে আরও উল্লেখ করা হয়, এই মাঠ থেকে সম্রাট হোসেন এ্যমিলি, স্বপন, চন্দন, নজরুল, সুজন, তপু, রিয়াজ, শাহাজাদা ও হীরাসহ জাতীয় পর্যায়ের অনেক ফুটবলার তৈরি হয়েছেন। বর্তমানে জুনিয়র পর্যায়ের খেলোয়াড়রাও এখানে নিয়মিত অনুশীলন করছে।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে শিশু-কিশোরদের আউটডোর কার্যক্রম আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসে আসক্তির কারণে তাদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় মাঠে গরুর হাট বসানো হলে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়বে। গোবর, আবর্জনা ও বর্জ্যের কারণে মাঠের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে বলেও উল্লেখ করা হয়।
এলাকাবাসীর পক্ষে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বরফকল খেলার মাঠটিকে গরুর হাট হিসেবে ইজারা না দেওয়ার জন্য জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করছি।”

