আজ শনিবার, মে ৯, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৯ মে) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৩০ মে বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর রাজা সুব্রামানি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

জানা যায়, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার পদে আছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এই পদে আছেন।

এর আগে, ২০২৪ সালের এক জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত তিনি উপ-সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) পদেও ছিলেন তিনি।

সুব্রামানির সামরিক জীবন শুরু হয় ১৯৮৫ সালের ডিসেম্বরে, যখন তিনি ভারতীয় সেনাবাহিনীর ঐতিহ্যবাহী পদাতিক ইউনিট ‘গারওয়াল রাইফেলস’-এ কমিশন লাভ করেন। চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন কমান্ড, প্রশিক্ষণ ও প্রশাসনিক পদেও সফলভাবে দায়িত্ব সামলেছেন।

লেফটেন্যান্ট জেনারেল সুব্রামাানি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেছেন, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে নিয়েছেন স্নাতকোত্তর ডিগ্রি। এছাড়া যুক্তরাজ্যের বার্কনেলে জয়েন্ট সার্ভিসেস কান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে অসামান্য অবদানের জন্য তিনি একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে- বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।

Exit mobile version