
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) দুপুরে মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে।
এসময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে র্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। সেই সঙ্গে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
এদিকে মুঠোফোনে সাজ্জাদ হোসেন বলেন, তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

