আজ রবিবার, মে ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আরিফুল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত।

শনিবার (০২ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল নগরের শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজ নামের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আরিফুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের অনুসারী হিসেবে পরিচিত।

আরিফুলের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে জুবাইরুল আলম মানিক বলেন, ‘এক সময় সে আমাদের দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করত। তবে পরবর্তী সময়ে সে তেমনভাবে রাজনীতিতে সক্রিয় ছিল না এবং তার কোনো দলীয় পদপদবি নেই।’

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় আরিফুলের কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল স্বীকার করেছেন, তিনি কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version