
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ার।
আগামী রোববার (৩ মে) তিনি আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ থানায় তার নতুন কর্মস্থলে যোগ দেবেন। এর আগে তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল ভূমিকার জন্য গোলাম সারোয়ার একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।বিশেষ করে চট্টগ্রাম জেলায় কর্মরত থাকাকালে অস্ত্র উদ্ধার, ডাকাতি, মাদক কারবার এবং চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নিয়ে তিনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়নে অবদান রাখেন। তার সাহসী ও কার্যকর অভিযানের স্বীকৃতিস্বরূপ তিনি টানা তিনবার চট্টগ্রাম জেলার ‘শ্রেষ্ঠ অফিসার’ হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
গত বছরের ৩ ডিসেম্বর লটারির মাধ্যমে ৫২৭ জন ওসির বদলির অংশ হিসেবে তিনি দেবিদ্বার থানায় যোগদান করেছিলেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে তিনি একজন পেশাদার, বিচক্ষণ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সুনাম কুড়িয়েছেন। তার নিজ জেলা নরসিংদী।
সোনারগাঁ থানার নতুন ওসি হিসেবে গোলাম সারোয়ারের যোগদানের খবরে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সোনারগাঁয়ের মতো গুরুত্বপূর্ণ শিল্পসমৃদ্ধ ও জনবহুল এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তার মতো একজন অভিজ্ঞ ও কঠোর মনোভাবাপন্ন কর্মকর্তার উপস্থিতি ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বে সোনারগাঁ থানায় অপরাধ দমনে আরও গতিশীলতা আসবে এবং জনমনে নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত হবে।

