আজ শুক্রবার, মে ১, ২০২৬ খ্রিস্টাব্দ

 যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘শ্রমিকরা আল্লাহর বন্ধু’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ৮টায় শহরের তুফান কোম্পানির মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকের ন্যায্য অধিকার অনেক সময় নিশ্চিত হয় না। শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। ইজিবাইক ও ভ্যানচালকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর চাঁদাবাজি ও হয়রানি বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এ সময় দীর্ঘদিন বন্ধ থাকা সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালুর দাবি জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সাতক্ষীরায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি জোর দিয়ে বলেন, “শ্রমিকরা সমাজের চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, পৌর শাখার সভাপতি মেহবুল্লাহ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ এবং শ্রমিক নেতা ব্যাংকার ফিরোজ আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Exit mobile version