আজ মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, (সাতক্ষীরা প্রতিনিধি): “সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জজ কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শুরুর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

সকাল ৮টা ৩০ মিনিটে জজ কোর্ট প্রাঙ্গণে স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনগত পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মোঃ আবদুস সালাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও লিগ্যাল এইড অফিসার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইনজীবী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।

বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য  সরকারিভাবে আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে মানুষ সহজে ও স্বল্প খরচে আইনি সেবা পাচ্ছে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫টা ৩০ মিনিটে জজ কোর্ট চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দেশের অন্যান্য জেলার ন্যায় সাতক্ষীরাতেও নানা আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

Exit mobile version