ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে— শিগগিরই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি? গত কয়েক দিন ধরে ইনস্টাগ্রামের একটি পোস্টকে কেন্দ্র করে এই জল্পনা তৈরি হয়েছে। ‘ওয়েডিং ড্যান্স’ নামের একটি অ্যাকাউন্ট, যারা বিয়ের অনুষ্ঠান আয়োজনের কাজ করে থাকে, তারা এক নবদম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, “আপনারাও কি নিজেদের বিয়েতে এমন আয়োজন চান? তাহলে মন্তব্য বিভাগে ‘ড্যান্স’ লিখুন।” এই পোস্টেই মন্তব্য করেন জেনিফার উইংগেট। অভিনেত্রী লেখেন, ‘ড্যান্স, প্লিজ।’ এরপরই অনুরাগীদের নজরে আসে বিষয়টি এবং শুরু হয় নানা আলোচনা। অনেক ভক্তের প্রশ্ন, তবে কি বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন জেনিফার? যদিও কিছু সময় পর নিজের সেই মন্তব্য মুছে দেন অভিনেত্রী। এ নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসও দেখা গেছে। এক ভক্ত মন্তব্য করেন, ‘অবশেষে নিজের জীবন গুছিয়ে নিচ্ছেন জেনিফার। আমি খুব খুশি। আমাদের এই অনুমান সত্যি হোক।’ এর আগে ২০১২ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার। তবে দুই বছরের মাথায় তাদের দাম্পত্যের ইতি ঘটে। পরে করণ সিং গ্রোভার বিয়ে করেন অভিনেত্রী বিপাশা বসুকে। অন্যদিকে দীর্ঘদিন একাই ছিলেন জেনিফার। সম্প্রতি অভিনেতা করণ ওয়াহির সঙ্গে তাঁর নাম জড়ালেও সেই গুঞ্জন নাকচ করেছেন করণ নিজেই। এক পোস্টে করণ ওয়াহি লেখেন, ‘সস্তার প্রচার করে আমাদের আরো জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ। ’
পরে জেনিফারের সঙ্গে একটি রিল পোস্ট করে তিনি আরো লেখেন, ‘কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।’ এর মাধ্যমে জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জন উড়িয়ে দেন তিনি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, জেনিফারের জীবনে কি সত্যিই নতুন কেউ এসেছেন, নাকি সবই কেবল ভক্তদের কল্পনা?



