আজ সোমবার, এপ্রিল ২০, ২০২৬ খ্রিস্টাব্দ

 সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় শিশু সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জেলার ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। কোনো ধরনের কুসংস্কার বা ভ্রান্ত ধারণা যেন অভিভাবকদের এই টিকাদান কর্মসূচি থেকে বিরত না রাখে। তিনি মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা জামায়াতের আমীর (উপাধ্যক্ষ) শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. সাঈদুজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডা. রাশেদ উদ্দিন মৃধা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল বাকীসহ অন্যান্যরা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে এ কার্যক্রম চলবে।

প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং শেষ ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। এছাড়া পূর্বে এমআর বা হামের টিকা নেওয়া থাকলেও নির্ধারিত বয়সসীমার সকল শিশুই এই ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। তবে আগের টিকার ২৮ দিন পূর্ণ হলে তবেই নতুন করে টিকা দেওয়া হবে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান।

Exit mobile version