সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫ আগষ্টে থানা থেকে লুট হওয়া ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে সোনারগাঁ পৌর এলাকার লাহাপাড়া গ্রামের মাহবুব সরকারের বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে উদ্ধার করা হয়। নরসিংদীর শিবপুর ইটাখোলা থেকে ছিনতাই হওয়া তেল উদ্ধার করতে এসে এ সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। এসময় পুলিশে হেলমেট, লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত ভাড়াটিয়া আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা যায়নি। আজিজুল ইসলাম উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের নূর মোহাম্মদের ছেলে। পুলিশ জানায়,নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি তেলবাহী গাড়ি ছিনতাই হয়৷ পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোন বিশ্লেষণ করে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকায় অবস্থান নিশ্চিত হয়। পরে নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুল পালিয়ে যায়। পরে লাহাপাড়া গ্রামের মাহবুব সরকারের ৫ তলা বাড়ির নীচ তলায় অভিযান চালিয়ে ৫ আগস্টে থানা লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বাড়ির মালিক মাহবুব সরকার বলেন,আজিজুল হামছাদী এলাকার ছেলে। তিনি একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন পন্যের ডিলার নিয়ে ব্যবসা করেন। সাউন্ড গ্রেনেডের বিষয়ে তিনি কিছু জানেন না। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মহিববুল্লাহ বলেন, নরসিংদী ডিবি পুলিশ সোনারগাঁ থানা এলাকায় তাদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে থানা লুটের সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। সাউন্ড গ্রেনেড গুলো কোন থানা থেকে লুট করা হয়েছে তা সনাক্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



