সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন পদে সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মোহাম্মদ জকরিয়াকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, মো. সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এই সাবেক আমলাদের নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তারা এই দায়িত্বে থাকবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তাদেরকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে অভিজ্ঞ এই কর্মকর্তাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে।


