আজ শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যরা। শুক্রবার সকাল ৯টায় মুজিবনগর স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা (অব.) ক্যাপ্টেন আব্দুল মালেক বলেন, ‘১৭ এপ্রিল মুজিবনগর দিবস কোনো রাজনৈতিক দিবস নয়।

এটি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার জন্য তাৎপর্যপূর্ণ দিন। যে সরকারই আসুক না কেন, দিনটিকে সরকারিভাবে পালন করা উচিত। দিনটি উপলক্ষে সরকার কোনো কর্মসূচি রাখেনি। আমরা ব্যথিত হয়েছি।

এ ছাড়া বিকেল ৩টায় ঢাকার নাগরিক সমাজ নামের একটি সংগঠনের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।

প্রসঙ্গত, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর আম্রকাননে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। তার পর থেকেই দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হচ্ছে।

তবে এ বছর সরকারিভাবে কোনো কর্মসূচি নেওয়া হয়নি।

Exit mobile version