চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি চক্র ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ফিশিং বোটে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুম থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ফিশিং বোটের মাধ্যমে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকায় এনে বিক্রি করত।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


