দীর্ঘ ৪৫ দিন পর নাটোর রেলহেড ডিপোতে ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল নিয়ে ২১টি তেলবাহী ওয়াগন এসে পৌঁছেছে। এতে নাটোরসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় চলমান ডিজেল সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে তেলবাহী ওয়াগনগুলো নাটোর রেলস্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনা রেলহেড ডিপোতে পৌঁছায়। এ সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিপোগুলোতে সেনা সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
ডিপো কর্তৃপক্ষ জানায়, নতুন এই সরবরাহের ফলে সংশ্লিষ্ট চার জেলার ডিজেল সংকট অনেকটাই কমে আসবে। বিকেলে সেনাবাহিনীর কড়া প্রহরায় তেল খালাসের কাজ শুরু হয়।
পদ্মা অয়েল ডিপোর সিনিয়র অফিসার ফজলে এলাহী বলেন, নাটোর থেকে পার্শ্ববর্তী চার জেলার ৬৭টি পাম্প এবং এজেন্সিগুলোতে পর্যায়ক্রমে। সরাসরি ডিজেল পাঠানো হবে। এতে করে দ্রুত সরবরাহ পূর্বের মতো স্বাভাবিক হবে বলেও তিনি প্রত্যাশা করেন।
উল্লেখ্য, সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি নাটোর ডিপোতে ৯ লাখ ৫৭ হাজার লিটার ডিজেল নিয়ে তেলবাহী ওয়াগন এসেছিল। এরপর দীর্ঘ বিরতিতে সরবরাহ স্বাভাবিক না থাকায় বিভিন্ন এলাকায় ডিজেল সংকট তীব্র আকার ধারণ করে। এবার নতুন চালান পৌঁছানোয় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করেন ডিপো সংশ্লিষ্টরা।


