আজ শুক্রবার, মার্চ ২৭, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে স্বাধীনতার বিজয় র‍্যালিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শাহ আলম মানিক।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে স্বাধীনতার বিজয় র‍্যালি শেষে মিশনপাড়া এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, “একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল চব্বিশের রাজাকার। একটি আগে নিষিদ্ধ হয়েছিল আরেকদল নিষিদ্ধ হয়েছে এখন।”

রাজীব আরও বলেন, “এই স্বাধীন বাংলাদেশের সূচনা ঘটেছিল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। এবং বাংলাদেশে একমাত্র পরিবার যেই পরিবার বাংলাদেশের সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সবকিছুর পেছনে বিএনপি পরিবারের প্রত্যেকটি নেতাকর্মীসহ নেতৃত্ব দিয়েছে।”

তিনি বলেন, “অন্য কোন রাজনৈতিক দলের ইতিহাস নেই। গণতান্ত্রিক আন্দোলন ২৪-এর গণঅভ্যত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণআন্দোলন সবকিছুর পেছনে জাতীয়তাবাদীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।”

“একমাত্র জাতীয়তাবাদী দল যেটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন ঘটানোর জন্য সবসময় বাংলাদেশের মানুষের পাশে দেশের মানুষের স্বার্থে সবসময় অবিচল ছিল। সেই অবিচলের আমাদের যে আপষহীন নেত্রী দীর্ঘ ছয় বছর অসুস্থ হয়ে কারাগারে ছিলেন। শুধু বাংলাদেশের মানুষের মুক্তি ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।”

তিনি বলেন, “আজকে আমাদের সময় হয়েছে কাজ করার। বাংলাদেশের মানুষের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা রয়েছে জাতীয়তাবাদী দলের উপরে, সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার সময় এসেছে। এখন আমাদের নেতা যেভাবে কাজ করে যাচ্ছেন, প্রত্যেকটি নেতাকর্মীকে সেই নেতার কাজকে অনুধাবন করে আগামী দিনের পথ চলতে হবে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে এ বিএনপি নেতা বলেন, “আমাদের হবে সততার রাজনীতি। বাংলাদেশে ঐক্যের রাজনীতি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদমুখর রাজনীতি আগামী দিনে করবে বিএনপি। এবং নিজে কোন অন্যায় করবো না এবং সমাজে কেউ যদি অন্যায় করতে চায় তাকেও সে অন্যায় করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না।”

Exit mobile version