আজ মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই ও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। মাদকপল্লী খ্যাত হাজী মাজার বস্তিতে গতকাল রবিবার রাত ১১টা থেকে আজ সোমবার ভোর তিনটা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান চালায়।

এ সময় ছিনতাইকারী ও মাদক কারবারিদের ঘরে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, এখানে মাদকের হাট বসে এটি সত্যি। এখানে অভিযান করতে এসে এর প্রমাণ মিলছে। বিভিন্ন বাহিনীর ৫০০ জনবল নিয়েই এ অভিযান চালানো হয়েছে। তবে আমাদের ধারণা, অভিযানের বিষয়ে আগে থেকে জেনে যাওয়ায় অনেকেই পালিয়ে যায়।

তিনি আরও বলেন, মাদকের ছড়াছড়ি আর হতে দিবো না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে এই মাদক কারবারিদের কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, কারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বের করে আইনের আওতায় আনা হবে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় ছোট বড় ২০টি বস্তি রয়েছে।

এসব বস্তিতে অভিযান চলবে। গত তিনমাসের হিসেবে লক্ষাধিক ইয়াবা জব্দসহ পাঁচ থেকে সাতশত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এতে সাড়ে পাঁচশত মামলা হয়েছে।

Exit mobile version