আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নাঈম গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের এক সহায়কের বিরুদ্ধে সরকারি রাস্তার জমি আত্মসাৎ করে নামজারি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়ে এই অনিয়মের তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক মনিরুজ্জামান মনির প্রায় দুই বছর যাবৎ অফিসে কর্মরত আছেন। তিনি নায়েব মোঃ নূর এ আলম, শ্রীপুর সাব-রেজিস্ট্রার ও কতিপয় দালালের সঙ্গে যোগসাজশে রাজাবাড়ী মৌজার আরএস ৪২২ নং খতিয়ানের আরএস ১৭৯ নং দাগের রেকর্ডীয় শ্রেণী ‘রাস্তা’ পরিবর্তন করে ফেলেন। সরকারি এই রাস্তার জমি আত্মসাৎ করতে নথিপত্র ঘষামাজা ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, বিপুল অর্থের বিনিময়ে ই-নাম আবেদন নং ৫৫৬২৭২৫ ও ই-নাম জারি নথি নং ৪৫৮৩/২২-২৩ এর মাধ্যমে জোত নং ৪০৯৮-তে মোঃ খোকন সরকার নামে নামজারি করা হয়। এ কাজে বেশ কয়েকটি দলিল (৬৫৯১, ৭৪৯৩, ১০০৫৩, ১৯৭১৩) ব্যবহার করা হলেও সেগুলো পূর্ববর্তী বিভিন্ন সময়ের বলে উল্লেখ করা হয়।

পরে ওই আত্মসাৎকৃত জমির অংশবিশেষ মোঃ খোকন সরকারের কাছ থেকে ই-নাম আবেদন নং ৭০৩১৮৯৮ ও ই-নাম জারি নথি নং ১৯১০৬/২২-২৩ এর মাধ্যমে মোঃ রতন খানের নামে নামজারি করে দেওয়া হয়। অর্থাৎ সরকারি রাস্তার জমি প্রথমে বেদখল ও পরে হস্তান্তরের মাধ্যমে স্থায়ীভাবে আত্মসাতের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ ও দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে। এলাকাবাসী দালালচক্রের হাত থেকে রক্ষা পেতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

Exit mobile version