আজ শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, আগরবাতি ও ঔষধ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ ও ৪ আরবি এলাকা থেকে আনুমানিক ২০০ ও ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
অপরদিকে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৯ আরবি এলাকা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলতলা মাঠ নামক স্থান হতে ৯ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি উদ্ধার করে।
এছাড়া হিজলদী বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালশারি কুলবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সব মিলিয়ে অভিযানে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, ভারতীয় চোরাচালানী পণ্য দেশে প্রবেশের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরনের চোরাচালান বিরোধী অভিযানে বিজিবির ভূমিকার প্রশংসা করে স্থানীয় জনগণ নিয়মিতভাবে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, দেশের রাজস্ব সুরক্ষা ও স্থানীয় শিল্প বিকাশে জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Exit mobile version