আজ রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ খ্রিস্টাব্দ

 সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শনিবার (২১ ফেব্রুয়ারি) ধলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা ও আলোচনা সভায় নির্বাচনী ফলাফলের ব্যাপারে উদ্বেগ ও প্রশ্ন তোলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাত সাড়ে ৯টা পর্যন্ত ফলাফলের ধারা আমাদের অনুকূলে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে ফল পরিবর্তনের শংকা দেখা দিয়েছে। অনেকের ধারণা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পরাজিত করা হয়েছে। তবে আমরা ঝড়-তুফান পেরেছি, ব্যথা সহ্য করেছি, তবুও ইসলাম থেকে মানুষকে সরানো কখনও সম্ভব হবে না। আজ হোক বা কাল হোক, বাংলাদেশের মাটিতে ইসলাম কায়েম হবে, কুরআন কায়েম হবে ইনশাআল্লাহ।”

এমপি মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, “আমার নির্বাচিত হওয়া মানে জামায়াতে ইসলামীর জয়, আর আমার জয় মানে সাতক্ষীরার জনগণের জয়। আল্লাহর কাছে আমি দোয়া করি যেন কোনো রিয়া, চাওয়া-পাওয়া বা খ্যাতি আমাকে স্পর্শ করতে না পারে এবং আমি খালেস মনে জনগণের কল্যাণে কাজ করতে পারি।”

আলোচনা ও দোয়া মাহফিলে সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশাররফ হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুন ও সেক্রেটারি নুর নবী।

দোয়া অনুষ্ঠানে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠান শুরু হওয়ার আগে এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Exit mobile version