আজ রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ খ্রিস্টাব্দ

 সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার রাত ১০টা থেকে শহীদ পার্কে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সমবেত হতে শুরু করে। রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধান শ্রদ্ধা কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত সবাই “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” স্লোগান মুখে মুখে উচ্চারণ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ফুল অর্পণ করেন। এছাড়া জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সাতক্ষীরা প্রেসক্লাব, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

Exit mobile version