মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের সমর্থনে রোববার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী মিছিল ও সমাবেশে হাজারো মানুষ অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব অর্জিত হবে। সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও জামায়াতে ইসলামী প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়-অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজের কোনো ঠাঁই হবে না। জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামী নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে; ব্যালট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করা যাবে না।”
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান বুলু, এবি পাটির আহবায়ক ও শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন প্রমুখ।
দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে প্রেসক্লাব, বড়বাজার রোড, তুফান মোড়, নিউমার্কেট মোড়, কোটচত্ত্বর, আসিফ চত্ত্বর, খুলনারোড মোড় হয়ে নারকেলতলা পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিল চলাকালীন পথচারী ও দোকানদাররা হাত নেড়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন প্রকাশ করেন।


