গাজীপুরের শ্রীপুর উপজেলায় মেধাবিকাশ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠ ও মিলনায়তনে দুই দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য। প্রতিষ্ঠানটির এমন আয়োজন প্রশংসার দাবিদার।”
শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাইদুর রহমান খান (সজীব) অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজনে দৌড়, লম্ফ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকাভিত্তিক সাংস্কৃতিক পর্ব ছিল। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের সৃজনশীল ও সামগ্রিক বিকাশে প্রতিষ্ঠানের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয়ে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম আকন্দ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফ হোসেন খান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।


