গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা ইমাম সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৬ জানুয়ারি ২০২৬) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরার যৌথ আয়োজনে জেলা ইমামদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম।
সভায় গণভোটে জনসচেতনতা বৃদ্ধি, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে প্রভাবশালী ভূমিকা রাখেন। তাঁদের মাধ্যমে সাধারণ মানুষকে সঠিকভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা সম্ভব।”
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত থাকবে। সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ পরিবেশে গণভোট সম্পন্ন করা হবে।”
এ সময় জেলা পর্যায়ের সকল ইমাম, সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


