আজ বুধবার, মার্চ ৪, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

দাবি আদায়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ রাখেন তারা। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে শান্ত করে তাদের সড়ক থেকে সরিয়ে দেন বলে শিল্প পুলিশের নারায়ণগঞ্জ-৪ ইউনিটের পরিদর্শক সেলিম বাদশা। পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের কোরেশ বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। পরে তারা মহাসড়কে কলাগাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ করেন। কারখানাটিতে তিন শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন।
শ্রমিকদের অভিযোগ, মাসের অর্ধেকের বেশি পেরিয়ে গেলেও কারখানা মালিক তাদের নভেম্বরের বেতন পরিশোধ করেন নাই। বেতন কবে দেওয়া হবে তা নিয়েও পরিষ্কারভাবে কিছু না বলায় ক্ষুব্ধ হয়ে তারা সড়কে নেমে আসেন।মহাসড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে যান। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে সমাধান করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই যান চলাচল স্বাভাবিক গতি পায়। বকেয়া পরিশোধের বিষয়টি মালিপক্ষকে দ্রুত সমাধানের জন্য আহ্বান জানানো হয়েছে।

বেতন নিয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলমান রয়েছে বলে জানান শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।

কারখানাটির পরিচালক মশিউর রহমান বলেন, কেবলমাত্র গত মাসের বেতন বকেয়া। বিষয়টি সমাধানে কারখানা কর্তৃপক্ষ কাজও করছে। কিন্তু এর মধ্যে বাইরের কেউ কেউ ইন্ধন দিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি করতে কারখানা বন্ধ হয়ে গেছে বলে গুজব ছড়ায়। আমরা শ্রমিকদের নিয়েই বিষয়টি সমাধান করব।তাদের বেতন দ্রুতই পরিশোধ করা হবে।

Exit mobile version