মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের দলবদল ঘটেছে। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে যুবদলের ছয়জন নেতা একযোগে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়ন জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে এ যোগদান অনুষ্ঠিত হয়।
যোগদানকারী যুবদল নেতারা হলেন:
✅ সভাপতি (৭ নম্বর ওয়ার্ড) – সালাহউদ্দীন মাহমুদ
✅ সহ-সভাপতি (ইউনিয়ন যুবদল) – রফিকুল ইসলাম
✅ যুগ্ম সম্পাদক – জাকির হোসেন
✅ সাংগঠনিক সম্পাদক – রুহুল আমিন
✅ সদস্য – ফরহাদ হোসেন
✅ সদস্য – সেলিম রেজা
কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহীম বাহারীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। বক্তব্যে তিনি বলেন, “আজ সারাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। চাঁদাবাজি, দখলদারি, খুন ও ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। শান্তির জন্য মানুষ দিশেহারা হয়ে পড়েছে। একমাত্র ইসলামই এ শান্তির নিশ্চয়তা দিতে পারে। ইতোমধ্যেই যুব সমাজের একটি বিরাট অংশ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে।”
বক্তব্যের সময় জনতার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়। উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা প্রধান অতিথির বক্তব্যে সমর্থন জানিয়ে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান হাবিবী, উপজেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাস্টার মো. ইউসুফ আলী প্রমুখ।
এদিকে নতুন যোগদানকৃত ব্যক্তিরা জানান, “ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ভবিষ্যৎ রাজনীতিতে পরিষ্কার দিকনির্দেশনা পাওয়ার আশায়” তারা যুবদল থেকে সরে এসে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


