মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরার সদরের বল্লী স্কুলের এক শিক্ষককে বিএনপি নেতাদের হাতে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থী মহলে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) দুপুরে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে জানা যায়, রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টুসহ স্থানীয় কয়েকজন ছাত্রদল নেতা ও তাদের সহযোগীরা স্কুলে প্রবেশ করে সহকারী শিক্ষক শফিকুর ইসলামের ওপর চড়াও হন। এসময় লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ ও লাঠিসহ অস্ত্র নিয়ে তারা অফিসকক্ষে ঢুকে শফিকুর ইসলামের কলার ধরে মারপিট শুরু করেন। পরে শিক্ষককে টেনে-হিঁচড়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে আবারো বেদম প্রহার করা হয়।
এদিকে শিক্ষক শফিকুর ইসলাম অভিযোগ করেন, হামলাকারীরা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে তাকে হুমকি দেয় যে পুনরায় স্কুলে এলে হাত-পা ভেঙে দেওয়া হবে কিংবা হত্যার শিকার হতে হবে।
অপরদিকে বল্লী মোঃ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম,আজহারুল ইসলাম (মুকুল) বলেন, স্থানীয় বিএনপি নেতারা আমার প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানের শিক্ষক শফিকুলকে সন্ত্রাসী কায়দায় ছাত্রদের সামনে যেভাবে হামলা করেছে সেটা নজিরবিহীন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। স্যারের উপর হামলায় জড়িতদের গ্রেফতার করার জোর দাবী ছাত্র- ছাত্রী ও শিক্ষকদের।
প্রতিষ্ঠানের ৯ম শ্রেনীর শিক্ষার্থী মাদিনা সুলতানা বলেন, আমাদের শিক্ষকের নামে যে অভিযোগ আনা হয়েছে এটা সম্পুর্ন মিথ্যা বানোয়াট এবং স্থানীয় বিএনপি নেতা রবিউল ইসলাম, যুবদল নেতা শাহীন, রাশেদ রেজাসহ যারা আমাদের শিক্ষকের উপর হামলা করেছে তাদের বিচার চাই, তাদের অনতিবিলম্বে গ্রেফতার চাই।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আরও বলেন, “শিক্ষক সমাজ গড়েন, মানুষ তৈরি করেন। অথচ যেভাবে আমাদের প্রিয় শিক্ষককে অপমান করা হয়েছে, তা শিক্ষার্থী মহলের সম্মানের ওপর আঘাত। আমরা দাবি করছি—অভিযুক্ত বিএনপি নেতাদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।”


