সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি চাকুরীজীবির বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ টাকা,স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রোববার গভীর রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া নামের ওই সরকারি চাকরিজীবির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তানিয়া আড়াইহাজার উপজেলার পরিবার পরিকল্পনা পরিবার কল্যান সহকারি হিসেবে কর্মরত। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী আলিফ লায়লা তানিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের সরকারি চাকরিজীবি আলিফ লায়লা তানিয়া বসবাস করেন। তার বাসা থেকেই প্রতিদিন কর্মস্থলে আড়াইহাজারে কালাপাহাড়িয়ার ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসে যাওয়া আসা করেন। স্বামী প্রবাসে থাকায় প্রতিদিনের মতো গত রোববার সকালে বাড়ির দরজায় তালা দিলে উপজেলার আড়াইহাজারে অফিসে যায়। পরবর্তীতে কর্মস্থলে ঐ বাড়িতে না গিয়ে পৈতৃক বাড়ি সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মনারকান্দি গিয়ে বাবা-মার সাথে রাত্রীযাপন করেন। এই সুযোগে রোববার রাতে কোনো এক সময় ডাকাতদল বাড়ির গেইটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়।সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান,স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


