আজ মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি মাদক কারখানায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার স্টেশন রোড এলাকার রাজু মন্ডলের মাদক কারাখানায় অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো- মাদক কারখানার মালিক আক্কেলপুর পৌরশহরের দেবপাড়া মহল্লার বাসিন্দা রাজু মন্ডল (৫০), ওই মাদক কারখানার কর্মচারী মফিজুল ইসলাম (৪০) ও সুজন কুমার (৩৫)।

 

জয়পুরহাটের অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ওই ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহীর নের্তৃত্বে আক্কেলপুর উপজেলার স্টেশন রোড এলাকায় একটি মাদক কারখানায় অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সধারী ওই কারাখানায় প্রতিমাসে যে পরিমাণ মাদক বিক্রির কথা, তার চেয়ে বেশি মাদক বিক্রি করা হতো। আবার মাদক সেবনকারী যেসব ব্যক্তিদের লাইসেন্স রয়েছে, তাদের ছাড়াও অন্যদের কাছে মাদক বিক্রি করা হতো। পড়াশোনা করা কিশোর ও যুবকরা সেখান থেকে মাদক ক্রয় করতেন। এসব বিভিন্ন তথ্যে গড়মিল পাওয়ায় অভিযান চালিয়ে ২৪৯ লিটার দেশীয় চোলাই মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, রাজু মন্ডল লাইসেন্সেধারীদের ছাড়াও মাদক বিক্রি করতেন। আবার যে পরিমাণ মাদক বিক্রি করার কথা, তার চেয়েও বেশি বিক্রি করতেন। আর এসবের কোন তথ্য সঠিক দিতে পারেননি। এজন্য সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক জব্দসহ তিনজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

Exit mobile version