আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে। এ ঘটনায় আজ শনিবার সকালে অভিযান চালিয়ে হ্রদয় (৩০), মো. সাব্বির (১৮), মো. আতিক (২২) ও মো. আলামিন (২০) নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেন৷ তিনি জানান, নিহত রায়হান তার বাবার সঙ্গে এসি সার্ভিসিংয়ের কাজ করতো। ঘটনার দিন বিকেলে তিনি তার বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকপাড়ের ক্লাব চত্বরে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং তাদের ওপর চড়াও হয়।

এজাহারে উল্লেখ করা হয়, সংঘবদ্ধ সন্ত্রাসীরা রায়হান ও তার বন্ধুদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে পাইটু হৃদয় নামে একজন ছুরি দিয়ে রায়হানের বাম বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত সুফিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে। সেখান থেকে তাকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রায়হানের বাবা মো. সামিম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে যাদের নাম উল্লেখ রয়েছে তারা হলো- পাইটু হৃদয় (১৫), মেহেদী (১৫), শুভ (১৫), মো. হৃদয় (৩০), মো. সাব্বির (১৮), মো. আতিক (২২), মো. জাহিদ (১৮) ও আল-আমিন (২০)। তাদের অনেকেই দক্ষিণ কদমতলীতে বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

Exit mobile version