
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় ভাড়া নেওয়া বেকারি কারখানায় সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় প্রায় ৭৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী এম এ জুবায়ের আহমেদ (৩৭)। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত ২৪ নভেম্বর ভোর ৪টার দিকে মুজিনগর এলাকার মো. শাইন (৪০) ও তাঁর সহযোগী অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি রাম দা, চাপাতি, ছুরি, দা, লোহার হাতুড়ি ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বসতবাড়িতে প্রবেশ করে এবং বেকারি ভাঙচুর শুরু করে।
জুবায়ের আহমেদ বলেন, “আমি তাদের বাধা দিলে তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমার শরীরের বিভিন্ন স্থানে কালশিটে ও ফোলা জখম হয়েছে।” তাঁর চিৎকারে স্ত্রী রিপা (২৪) এগিয়ে এলে ১ নম্বর অভিযুক্ত শাইন তাঁর গলার ১৪ আনা ওজনের চেইন (মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা) ও নাকের হীরার নাকফুল (মূল্য ৭ হাজার টাকা) ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা বেকারির ক্যাশ বাক্স থেকে নগদ ৭৫ হাজার টাকাও নিয়ে যায়। এ ছাড়া দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ৭৬ লাখ টাকার ক্ষতি করা হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের হত্যার হুমকি দিয়ে সটকে পড়ে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। এ কারণে থানায় অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদ অভিযোগ করেন, অভিযুক্ত শাইন এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত এবং তিনি দীর্ঘদিন ধরেই তাঁর ভাড়া নেওয়া সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিলেন। এই হামলা সেই ধারাবাহিকতারই অংশ বলে তিনি দাবি করেন।
ইতিমধ্যে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, আইনানুগ ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

