
গাজীপুর, আশুলিয়া ও সাভারসহ দেশের কয়েকটি শিল্পাঞ্চলে অনেক কারখানা বন্ধ ঘোষণা করা হলেও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। কারখানাগুলোর ভেতরেও উৎপাদন কার্যক্রম চলতে দেখা যায়।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক ও আদমজী শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও কারখানা বন্ধ কিংবা শ্রমিকদের কর্মবিরতির খবর পাওয়া যায়নি।
এ দিকে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। বিজিবি, পুলিশ, শিল্প পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
পাশাপাশি শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা গেছে।
সার্বিকভাবে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

