ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): নাটোরের কাদিরাবাদে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই) এ ১০ থেকে ১২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান ও ইঞ্জিনিয়ার্স কোরের বর্তমান কর্নেল কমান্ড্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন।
অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত ইঞ্জিনিয়ার্স কোরের ইউনিটসমূহের অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন। এসময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইঞ্জিনিয়ার্স কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি তিনি এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ ও জাতির কল্যাণে যুদ্ধ ও শান্তিকালীন অবদানের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, ইঞ্জিনিয়ার্স কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার জন্য এ কোরের সকল সদস্যবৃন্দের প্রতি নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি ইঞ্জিয়িার্স কোরের ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে ইসিএসএমই প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন। এসময় তিনি তাঁর বক্তব্যে ইঞ্জিনিয়ার্স কোরের প্রাক্তন ও বর্তমান সদস্যগণের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধের কথা তুলে ধরেন এবং এই ঐতিহ্য অক্ষুন্ন রেখে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ: ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; চিফ কনসালট্যান্ট জেনারেল, এ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট; কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টার; মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; ইঞ্জিনিয়ার্স কোরে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যগণ ও পরিবারবর্গসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

