
স্টাফ রিপোর্টার : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অস্থিরতা সৃষ্টির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। শ্রমিকদের আন্দোলনকে আড়াল হিসেবে ব্যবহার করে দলটির নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তৎপর হয়েছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম আসলাম। সোমবার (০২ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ পুলে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের সহিংসতা রোধে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন। এস.এম আসলাম বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশ নেওয়া, উসকানি দেওয়া এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এই আন্দোলনকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। মালিক ও শ্রমিক- এই তিন পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মজুরি বোর্ড দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করবে। এই পরিস্থিতিতে শ্রমিকের ছদ্মবেশে যারা রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। নারায়ণগঞ্জে শ্রমিক ছদ্মবেশে কোনো আওয়ামী সন্ত্রাসীদের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি টিএইচ তোফা, নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু প্রমুখ।

