
মামুন হোসেন-
শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ, সুস্থ প্রতিযোগিতার চর্চা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬।
শনিবার (৩১ অক্টোবর) শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৯টি স্কুল ও ৮টি মাদ্রাসার মোট ৫৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শ্রীপুর কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া। হল সুপারের দায়িত্বে ছিলেন মাওলানা মো. আবুল হোসাইন।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথি ইসলামিক এডুকেশন সোসাইটির গাজীপুর জেলা অনারারি ইন্সপেক্টর অধ্যাপক মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শ্রীপুর উপজেলা অনারারি ইন্সপেক্টর অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
এ সময় অতিথিরা বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীল চিন্তায় সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।
আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভার বিকাশ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের উদ্দেশ্যে নিয়মিত জাতীয় পর্যায়ে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে ইসলামিক এডুকেশন সোসাইটি। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় কেন্দ্র পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

