
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং জ্বালানি সরবরাহে বিঘ্নের উদ্বেগে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট তেলের দাম গত মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর নতুন হামলার পর বিশ্বের গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকারক অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় সকাল ১১টা ৪ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহমূল্য ব্যারেলপ্রতি ৩ ডলার ৬ পয়সা বা ২ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১১১ ডলার ৮৮ সেন্টে দাঁড়ায়। দিনের শুরুতে দাম বেড়ে ১১২ ডলার ৫৫ সেন্টে পৌঁছায়, যা গত ১৮ মে’র পর সর্বোচ্চ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ৪ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৯ ডলার ১৯ সেন্টে দাঁড়ায়। এর আগে দাম ১০০ ডলার ৭ সেন্টে উঠেছিল।
তেলবাজার বিশ্লেষক তামাস ভার্গা বলেন, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি সংঘাতের আগের পর্যায় ছাড়িয়ে যাওয়ার খবরের চেয়ে হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরব ও দেশটির তেল অবকাঠামোয় হুথিদের হামলার প্রভাব বেশি। তার মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সংঘাত প্রশমনের সম্ভাবনা নেই। ফলে তেলের দাম উঁচু পর্যায়ে থাকতে পারে।
মরগান স্ট্যানলির বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।
এদিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো ধাহরানে নিজেদের প্রধান কার্যালয়ের কর্মীদের ভবন ছেড়ে দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ছয়জনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সৌদি আরবে অবস্থিত কয়েকটি কূটনৈতিক মিশন থেকে কিছু কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মার্কিন মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
বুধবার সৌদি আরবে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরানের ঘনিষ্ঠ হুথি গোষ্ঠী। দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত এবং আটজন আহত হন। একই দিনে সৌদি আরবের একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় দুজন নিহত হন। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বুধবার দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। তবে বিস্ফোরণের ধরন ও উৎস সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা আরও বাড়িয়েছে হরমুজ প্রণালির পরিস্থিতি। বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী দাবি করেছে, বুধবার তাদের বাহিনীর নজরদারির পর উত্তর উপসাগরে অবৈধভাবে তেল স্থানান্তরে জড়িত চারটি জাহাজে একযোগে আঘাত হানা হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইনের সঙ্গে ধাক্কা খেয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
লিবিয়াতেও তেল উৎপাদনে বিঘ্ন দেখা দিয়েছে। দেশটির হামাদা ও তাহারা তেলক্ষেত্র থেকে জাওইয়া বন্দরে যাওয়া একটি তেল পাইপলাইনের ভালভ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে উভয় তেলক্ষেত্রের উৎপাদন কমেছে বলে রয়টার্সকে জানিয়েছেন লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের প্রধান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে ডিজেলের ঘাটতি ও জ্বালানির মূল্যবৃদ্ধি সামাল দিতে উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির জরুরি জ্বালানি তেলের ১০ লাখ ব্যারেলের মজুতের প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত ঋণ হিসেবে দেওয়ার প্রস্তাব করছে প্রশাসনটি।
অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্ট তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে মিথেন নিঃসরণসংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের বিধি কার্যকরের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সরকারের চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার উদ্যোগও চলছে। বুধবার সেন্ট পিটার্সবার্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে ওয়াশিংটনের নতুন উদ্যোগের অংশ হিসেবে এ আলোচনা হয়।
ক্রেমলিন জানিয়েছে, আগামী মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আলোচনার প্রতি সমর্থন জানিয়েছেন এবং যত দ্রুত সম্ভব তা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন।
তথ্যসূত্র: রয়টার্স

