
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল এসওরোড উদয় স্মৃতি ঈদগাহ এলাকার মেঘনা ডিপো এলাকায় একটি অবৈধ জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তেল ব্যবসায়ী আল-আমিন এর মালিকানাধীন ওই গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই গোডাউনে অকটেন, ডিজেল, পোড়া মবিলসহ বিভিন্ন রকম জ্বালানি তেল মজুদ রেখে অন্যত্র বিক্রি করত বলে জানায় এলাকাবাসী। আগুনের তীব্রতায় এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিকেল ৪:৫৫ মিনিটে আদমজী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ৩টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ইপিজেডের ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মীরন মিয়া বলেন, প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। বিড়ি, সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় মালিক আল-আমিন পলাতক রয়েছে।

