
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট রয়েছে। পাশাপাশি হাসপাতালটিকে ৩০০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার কাজ চলমান থাকায় বেশ কয়েকটি বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। ভবনের নির্মাণকাজ শেষ হলে অচল বিভাগগুলো পুনরায় সচল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রোববার (১২ অক্টোবর) নগরীর খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে প্রতিটি হাসপাতালে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৮ বছর ধরে হাসপাতালের যেসব ত্রুটি ও অব্যবস্থাপনা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
হাসপাতালের জনবলসংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘খানপুর হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট রয়েছে। আপনারা জানেন, হাসপাতালটি ৩০০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। এ কারণে বেশ কয়েকটি বিভাগ অচল হয়ে আছে। আমরা প্রত্যাশা করছি, দ্রুত ভবনের কাজ শেষ হলে বিভাগগুলো আবারও সচল হবে।’
তিনি আরও বলেন, ‘১৫ তলাবিশিষ্ট হাসপাতাল কমপ্লেক্সের সাততলার কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করা সম্ভব হবে বলে আশা করছি। এতে নারায়ণগঞ্জের মানুষ আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।’
এদিকে সভা চলাকালে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসনের উদ্যোগে ৩ হাজার ৭০০টির বেশি ডেঙ্গু পরীক্ষার কিট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর আলম মিয়া, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

