
নারায়ণগঞ্জ নগরীর যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে ২২ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মডেল গ্রুপ ও ‘উই আর ভলান্টিয়ার’। স্বেচ্ছাসেবকেরা এক মাস নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করবেন।
সোমবার (৫ অক্টোবর) চাষাঢ়া মোড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এ সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে জ্যাকেট ও বডি ক্যামেরা বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আবুল কালাম বলেন, দীর্ঘদিনের জঞ্জাল ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা নারায়ণগঞ্জ শহরকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে কিছুটা সময় ও ধৈর্য প্রয়োজন। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নগরে যান চলাচল স্বাভাবিক রাখতে হকার ও অটোরিকশাসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিটি করপোরেশন ইতোমধ্যে যানজট নিয়ন্ত্রণে কর্মী নিয়োগ করেছে। প্রয়োজন হলে আরও কর্মী নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, অটোরিকশা ও রিকশার ক্ষেত্রে নির্ধারিত ব্যবস্থা ও পরিচয়পত্রের আওতায় থাকা যানবাহন চলাচল করবে। নগরকে অপরাধমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে পুলিশ, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল বলেন, ‘আমরা ছোট টিম হিসেবে ২২ জন স্বেচ্ছাসেবক দিয়েছি। তাঁরা মাসব্যাপী কাজ করবেন। তাঁদের বেতন বাবদ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হবে। ব্যবসায়ী ও সংগঠনগুলো মিলে এই ব্যয় বহন করছি। চেম্বার অব কমার্স, বিকেএমইএ ও মডেল গ্রুপ এ কার্যক্রমে সহযোগিতা করছে।’
তিনি আরও বলেন, ‘ট্রাফিক পুলিশের আহ্বানে এবং নারায়ণগঞ্জবাসীর সুবিধার কথা বিবেচনা করে আমরা সবসময় এগিয়ে আসি। নারায়ণগঞ্জবাসীর স্বার্থে ব্যবসায়ীরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, চাষাঢ়া মোড় নারায়ণগঞ্জ নগরের ‘হার্ট’। এই গুরুত্বপূর্ণ মোড় যানজটমুক্ত রাখতে পারলে নগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয় হবে।
তিনি বলেন, চাষাঢ়া মোড়কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অটোরিকশার স্ট্যান্ড ও হকার বসার কারণে যানজট তৈরি হয়। সবার সহযোগিতায় প্রথমে চাষাঢ়া থেকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে যানজটপ্রবণ অন্যান্য এলাকাতেও পরিকল্পনা নেওয়া হবে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহান এবং ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু প্রমুখ।

