
নারায়ণগঞ্জ-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা জানিয়েছেন, এলাকার চাওয়া-পাওয়া ও স্থানীয় সমস্যার ওপর ভিত্তি করেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
অ্যাডভোকেট মাধবী মার্মা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন। সেই সুবাদে সরকারি দপ্তরগুলোর কর্মপরিবেশ দেখতে এবং স্থানীয়দের দাবি-দাওয়া শুনতে তাঁর এই সফর।
তিনি আরও বলেন, নিরপেক্ষভাবে এলাকার কোথায় উন্নয়ন বা কারিগরি সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করে সরকারের কাছে উপস্থাপন করা হবে। মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়েই উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় প্রকাশ করেন তিনি।
উপজেলা পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সমস্যা নিয়েও আলোচনা করেন সংসদ সদস্য।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, প্রকৌশলী ইয়াসিন আরাফাত, ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া এবং জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফটো সাংবাদিক নুর ইসলাম

