
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান কামাল। সভায় তিনি রাজনৈতিক দুর্বৃত্তায়ন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা।
সভায় আইনমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে দলীয় দাসত্বে পরিণত করা হয়েছিল। চব্বিশের আগস্টের পর পুলিশ বাহিনীকে মানসিক শক্তি, সাহস যোগাতে হয়েছে। তারা এখন নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে, করে যাচ্ছে।’
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মাদক শুধু দেশের গুটিকয়েক মানুষ করছে—বিষয়টি এমন নয়। প্রতিবেশী রাষ্ট্র থেকেও মাদকের চালান আসছে। মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
দুর্নীতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামান কামাল বলেন, দুর্নীতি দুইভাবে হয়—একটি অর্থনৈতিক, অন্যটি বুদ্ধিবৃত্তিক। তিনি বলেন, ‘আমি টাকা খাই না, আমি এমন একটা চেয়ারে বসে আছি যেখানে মানুষের ন্যায়বিচারের পরিবর্তে মানুষের ক্ষতি করা যায় কীভাবে, সেটা চিন্তা করছি।’ দুর্নীতির এ দুই ধরনের প্রবণতা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিশোধপরায়ণ এখনো হইনি, আমরা হতে চাই না। আমরা বাংলাদেশের মানুষের সুশাসনের জন্য প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কাজ করে যাব।’
তিনি আরও বলেন, ‘আমরা যেমন মাদকের বিরুদ্ধে কথা বলছি, তেমনি রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও কথা বলছি এবং সেই পথে বিএনপির কোনো নেতা যদি বাধা হয়ে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে, সেটাকেও আমরা বিবেচনায় রাখব না। আমরা কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিতে চাই না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বাদী হতো পুলিশ। ৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা করেছে—এমন একটি উদাহরণও নেই। তবে কোনো ব্যক্তি মামলা করলে পুলিশ মামলা নিতে অস্বীকার করতে পারবে না। অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী বলেন, ‘এই ব্যালেন্সের জায়গায় আমরা এসেছি। আগের মতো মিথ্যা গায়েবি মামলা আর নেই।’
মতবিনিময় সভায় জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে বিভিন্ন প্রস্তাব দেন।
এদিকে, বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান কামালের।

