
সোমবার (৩১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক (২২)। তিনি নাটোরের লালপুর থানার আব্দুলপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক এবং গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, সোমবার রাতে ৯৯৯ নম্বরে এক নারী কান্নাজড়িত কণ্ঠে ফোন করে জানান, চলন্ত ট্রেনে তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। ফোনটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. কাইফ শাহ। পরে ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই তরুন কুমার আচার্য্য কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
তিনি আরও জানান, ওই নারী (৪৪) ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত টিকিট ছাড়াই ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন। একপর্যায়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি তাদের সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান। পরে ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ আরও দুই ব্যক্তি তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
তিনি বলেন, ঘটনাটি জানার পর ৯৯৯ থেকে চলন্ত ট্রেনটির অবস্থান জেনে পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। পরে ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে রেলওয়ে থানা পুলিশের একটি দল ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে। বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

