
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপকে কানাডাকে ‘ক্ষতিগ্রস্ত ও বিভক্ত’ করার চক্রান্ত বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ওয়াশিংটনের এই পদক্ষেপকে একটি ভুল হিসাব হিসেবে আখ্যায়িত করে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার তাঁর কার্যালয় থেকে প্রকাশিত এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেওয়া হয়। । ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর কানাডা মার্কিন পণ্যের ওপর ‘ডলারের পরিবর্তে ডলার’ (ডলার ফর ডলার) মাপে পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে।
কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলোকে ‘অন্যায় ও অবাস্তব’ বলে উল্লেখ করে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে অটোয়া। আগামী ৮ সেপ্টেম্বর থেকে মার্কিন পণ্যের বিরুদ্ধে এই পাল্টা শুল্ক কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
মার্ক কার্নি বলেন, ‘নতুন মার্কিন শুল্ক আমাদের ক্ষতি করতে ও বিভক্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি তাদের একটি ভুল হিসাব, কারণ কানাডিয়ানরা সর্বদা একে অপরের পাশে দাঁড়ায়।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের জবাবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে কানাডার পাল্টা শুল্ক কার্যকর হবে।
কানাডার এই শাস্তিমূলক ব্যবস্থা ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, মণ্ড ও কাগজ এবং ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যের ওপর কার্যকর হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ওপর কানাডা কখনোই তার একচ্ছত্র অধিকার ছাড়বে না বলেও তিনি স্পষ্ট করেন। তিনি জানান, ওয়াশিংটন অগ্রহণযোগ্য কিছু শর্ত দেওয়ায় অটোয়া বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।
অন্যদিকে, একটি প্রায় চূড়ান্ত চুক্তি থেকে কানাডা সরে এসেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে কানাডা তাদের বাজারে রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন শুল্ক সুবিধা পেয়ে আসছিল। শেষ মুহূর্তে কানাডা চুক্তি থেকে সরে না গেলে এই শুল্ক আরও কমানো সম্ভব হতো।
মার্কিন শুল্কের আওতার মধ্যে রয়েছে পোশাক, সিমেন্ট, বিয়ার এবং হকি সরঞ্জামসহ বিভিন্ন পণ্য।
মার্কিন বাজারে কানাডাকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া সত্ত্বেও দেশটির নতুন দাবি ও পূর্বের প্রতিশ্রুতি থেকে সরে আসার কারণে সাম্প্রতিক সমঝোতা ভেস্তে গেছে বলে দাবি করেন গ্রিয়ার। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ২০২০ সালে কার্যকর হওয়া ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তি ‘ইউএসএমসিএ’-এর অংশীদার।

